ছবি তোলার অস্থিরতা - ইফফাত হাছান অমি
জীবনের বিশেষ মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখার জন্য ছবি তোলার বিকল্প নেই। বর্তমানে ছবি তোলার কাজটি করার জন্য খুব বেশি বিপত্তি পেরুতে হয় না। রং-তুলি নিয়ে আঁকিবুঁকি করতে হয় না। স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরা দিয়ে এই কাজটি বেশ সহজেই করা যায়। তাই আমরা সচারাচর এর ফায়দাও লুটে থাকি। কিন্তু এর ফায়দা লুটতে গিয়ে জীবনের বিশেষ মুহূর্তগুলোকে আমরা বেশ সস্তা বানিয়ে ফেলেছি। প্রতি পদে পদে আলোকচিত্র ধারণের এই সহজলভ্যতাই তার পেছনে দায়ী। সহজলভ্যতাকে দায়ী করলে জুলুম করা হবে। মানবকল্যানে আরও বেশ কয়েকটি ক্ষেত্রই সহজলভ্যতার ছোঁয়া পেয়েছে। বরং আমাদের অস্থিরতার উপর দোষ চাপিয়ে দেওয়াটাই যুক্তিযুক্ত হবে। দা-বটি সহজলভ্য হয়েছে বলেই যে একে অপরকে কোপাকুপি করতে হবে বিষয়টা এমন নয়। বরং দা-বটিকে সঠিক সময়ে, সঠিক স্থানে, সতর্কতার সাথে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান ব্যক্তি যেমনি প্রতিনিয়ত আত্ম-উন্নয়নের লালসায় লিপ্ত থাকে তেমনি আত্ম উন্নয়নের স্রোতে গা ভাসাতে সীমিত আকারে মনোরঞ্জনের বিষয়টিও খেয়াল রাখে বটে। সহজ ভাষায় বলতে চাচ্ছি কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া বেশ ভালো একটি কাজ। আমার দৃষ্টিকোণ থেকে একটি নেক আমল। পরিবার নিয়ে বেড়াতে গেলে হয়তো আমলনামায় আরও কয়েক নেকি যোগ হতেও পারে। কিন্তু এক্ষেত্রে নেক-সুরতে আমরা যেই বিদ'আতটি(প্রচলিত বিদ'আত অর্থে নয়) প্রতিনিয়ত করে যাচ্ছি সেটি হলো কথায় কথায় আলোকচিত্র ধারণ। আমরা মনে করছি এটি হয়তো একটি নেক আমল, বিশেষ নেকি পাওয়া যেতে পারে। আমাদের মাঝে এই অস্থিরতা আমাদের জীবনের বিশেষ মূহুর্তগুলোকে পুরোপুরি সস্তা করে তুলছে।

Comments
Post a Comment